এই যে দেখো আকাশে আজ প্লাবন
এই যে দেখো আকাশে আজ প্লাবন
এই যে দেখো আকাশে আজ প্লাবন,
অংশুমালীর সন্ধান নেই, জীমূতবাহন মত্ত।
বর্ষণার্দ্র দোলনচাঁপায় অনিল লাগায় দোল-
যক্ষ-দুখে জগৎ জুড়ে বিরহই যেন সত্য।
এমনি যদি জীবটাও হতো,
যদি আমার থাকত বকুল-বাহার!
যদি বাদলধারার অবিশ্রান্ত ধ্বনি-
পারতাম দিতে তোমায় উপহার!
দিতাম আমার হৃদয় নিংড়ে সব
মন খারাপের পরের ভালোলাগা,
দিতাম তোমায় আষাঢ়-রাতে
কদম ফুল আর জুঁই-কামিনীর ঘ্রাণ।
দিতাম তোমায় বৃষ্টিভেজা ভোরে-
মন্দ্রনাদে ঘুমের থেকে জাগা।