এবার মাঘের হাড় হিম করা শীতে
এবার মাঘের হাড় হিম করা শীতে
এবার মাঘের হাড় হিম করা শীতে
জড়সড় হোক তোমার চর্বি-চর্ম,
সোয়েটার আর চাদরের জটাজাল
হোক আজ তোমার রূপের বর্ম।
শুষ্ক ও রুক্ষ হোক ওষ্ঠ তোমার
ফেটে চৌচির হোক গোড়ালির ত্বক,
ভেসলিন মেখে চপচপে মুখখানাই
বাড়াক আমার এই প্রেমেরই ধক।
সপ্তাহকাল স্নানে থাকো বীতশ্রদ্ধ
গায়ে ভুরভুর করুক ন্যাপথালিন,
নাসিকা গড়িয়ে নামুক তরল সর্দি-
তবুও ভালো বাসবো চিরদিন!
লেপ-তোশকের তলে হয়ে থাকো কুণ্ডলী
দেখতে তোমায় লাগুক উইয়ের ঢিবি,
রোদ পোহালেই গলে যাবে প্রেম?
তুমি যে আমার একমাত্র বিবি!