তোমার জন্য হয়নি লেখা
তোমার জন্য হয়নি লেখা
তোমার জন্য হয়নি লেখা, অনেকদিনই।
লিখবো ভেবেও কতবার সব ভুলে,
ভেবেছি, ঠিক কী আর নতুন লিখি!
যা বলি, আর যা বলি না;
যা তোমায় লিখি, আর যা লিখি না-
আমার চেয়ে তোমার জানা বেশি।
কথা ছিল এবার বসন্ত এলে,
শুনবো তোমার জমানো সব কথা।
অপকাব্যের যবনিকা মৃদু টেনে,
শুনবো তোমার হাসির উচ্ছলতা।
আরক্ত পলাশ ম্লান হয়ে এলো ক্রমে,
তুমিই আসার সময় পেলে না।
অশক্ত শিমুলে অবসাদ যত জমে
তার চেয়ে কি কম চিনেছি আমি?
বলেছিলাম এই বসন্তে এলে,
ফিরতে দেওয়া বড্ড কঠিন হবে।
সেই কারণেই হঠাৎ উধাও হলে?
এমন করে কিছুই না বলে!
সময় পেলে জানিও একটিবার,
বুঝতে আমার ভুল হয়েছে কোথায়।