বিকেল যখন নামল পথে
বিকেল যখন নামল পথে
বিকেল যখন নামল পথে, এসপ্ল্যানেডের মোড়ে
ভাবলাম আজ বলেই ফেলি, হাতটা ধরি গিয়ে;
ভিড়ের স্রোতে তুমি তখন হাঁটছ জোরে জোরে,
আমি কেবল দাঁড়িয়ে আছি কুণ্ঠাভরা হিয়ে।
পকেটে হাত, খুচরো সাহস, বাজছে ঝনঝন,
বলতে গিয়েও জিভ আটকে, গিলছি শুকনো থুতু;
ভাবছি- যদি ফিরিয়ে দাও এই অকাল-নিবেদন?
প্রেমিক হবো? নাকি কেবল একলা আমিই ঋতু?
চায়ের কাপে ঝড় তুলেছি, তুচ্ছ কালক্ষেপ,
চশমা মুছি, ঝাপসা দেখি তোমার চলে যাওয়া;
বুকের ভেতর জমছে ধুলো, পুরনো আক্ষেপ,
মাতাল হাওয়া বলছে কানে- ‘সবই তো ছাই পাওয়া’।
বলা হলো না। সরাইখানা ডাকছে আয়োজন,
ভয় পেয়েছি- তুচ্ছ একটা ‘না’-এর অপমানে।
শহর জুড়ে জ্বলল আলো, ফিরছে সব জন,
আমার কেবল ডুবে মরা না-বলা অভিমানে।