বাসনার প্রমত্ত রিক্ততায়
বাসনার প্রমত্ত রিক্ততায়
বাসনার প্রমত্ত রিক্ততায়
আছে যে প্রবলতর ঐশ্বর্য নিবিড়;
সে শুধু তোমার জানা-
সে গরিমা শুধুই তোমার।
প্রাচীরগাত্রপার্শ্বে দিনান্ধ যেমতি
আঘাতের সাথে পায় পরিধির জ্ঞান;
অনুরূপ আমিও খুঁজেছি বেষ্টনী।
ব্যর্থমনোরথ হয়ে কদাচিৎ তবু
লেশমাত্র নেই মনে মুক্তি-অনুধ্যান।
উষ্ণতার রেশ পাই আজও,
অন্তরালে দীর্ঘদিন, অথচ-
অনন্তের সুর যে শুনেছি
তোমার হৃদয়তন্ত্রে;
আমার এই নিরালোক সমগ্র ভুবন
তোমার জ্যোতিতে হয় অন্ধকার ম্লান।
আমারই আঁখিতে নেই উন্মীলন-সাধ,
নিদ্রাতুর মত্ততায় ভাবি
শ্রেয় এই তমসাবৃত জড়-ফাঁদ।