সাইকেলটাও ধাপ্পা দিল
সাইকেলটাও ধাপ্পা দিল
সাইকেলটাও ধাপ্পা দিল
ফিরছি এখন হেঁটে
ভেবেছিলাম নাড়বো কড়া
তোমার বাড়ির গেটে;
কিন্তু দেখি বিকট আকার
খেলছে ভোলা ডোবারম্যান।
আমি নেহাত নিপাট ভদ্র
শুধুই তোমার ব্লাইন্ড ফ্যান-
ফ্যান বলেই দাঁড়িয়ে ছিলাম
মিনিট দেড়েক, কিংবা দুই;
তারপরেই বুঝলে কি না
সামনে যে ওই ধানের ভূঁই-
পেরিয়ে এলাম একনিমেষে
চুলোয় যাকগে দ্বিচক্রযান-
হাফ ম্যারাথন হয়েই যাবে
ছুট্টে এলাম বাঁচিয়ে পরান।
ফুরসৎ যদি পাও, যদি গেটের বাইরেটায় তাকাও,
নীলচে রঙের সবুজ সাথী সাইকেল যদি থাকে;
গ্যারেজে পাঠিও, খরচ যা হয় পাঠিয়ে দেব ডাকে।
বলে দিও যেন চেঞ্জ করে দেয় সামনের চাকাটাও।