সফর ইত্যাদি ৩
সফর ইত্যাদি ৩
কালকেও ছিল আকাশ জুড়ে কালো মেঘের ভিড়,
পাইনি হদিশ হারিয়ে যাওয়া দৃপ্ত রোদের খোঁজ।
আজও আবার দূর দিগন্তে সিঁদুরে মেঘগুলো
দেখতে পেয়েই উদাস চিত্ত বিষণ্ণ মদির।
সুস্থিরতায় অবসাদ লাগে, নিঃশ্চলতায় মৃত্যুঘ্রাণ-
প্রবলভাবে অনুভব করি। তাই আমি চলি লক্ষ্যহীন;
লক্ষ্যে পৌঁছালেই বোধ হয় থমকে যাবে চলা।
কাছের মায়ায় দূর ভুললেও ক্লান্তি নৈব চ,
কিয়ৎ পরেই ফের মনে হয় নিকট দুর্বিষহ।
যা জুটে যায় চলার পথেই সেটাই পরম পাথেয়
অনুরোধেও অরুচি নেই, উপেক্ষায় না দ্বেষ-
না নিঃসঙ্গের ভয় করি, না সঙ্গ পাওয়ার লোভ।
চলতে চলতে পৌঁছে যাবো ঠিকই বেঠিক ঠিকানায়,
হারিয়ে যাওয়ার খোঁজ না পেলেও সড়ক অপ্রমেয়-
যে কোনো এক পথের পাশেই গড়ে নেব আশ্রয়।
যতই দেখো সামনে আমায় সহাস্যে-
জানি না ঠিক গোপনে না প্রকাশ্যে
কোন বেলাতে সুখের স্থিতি ভুলে,
অনিকেত যাযাবর জীবনের ঝুলি
হারিয়ে যাওয়ার নেশায় মেতে আবার কাঁধে তুলি!