কিবা এই ছলনে সুবর্ণ কেশদাম
স্বর্ণজালকে অলঙ্কৃত, প্রসাধিত সে
সুচতুর সুকৌশলে সুরম্য সুঠাম-
স্বর্ণ কিংবা অঙ্গরূহে তফাৎ লুপ্ত যে!
অপচিত চোখ যবে দেখে দুঃসাহসে-
সে কি চায় ও নজরে বন্দী বানাবারে?
দৃষ্টি বন্দী হলে পরে ও' সুবর্ণ-পাশে
বিবশ চিত্ত অজান্তে মুক্ত হতে নারে।
শোনো মন, বলি, তাকিওনা নির্বিচারে-
সাবধান, যদি হও বেশি উদাসীন
প্রলোভনে বন্দী হলে বিশ্ব চরাচরে
মুক্তির আশা অবশ্যই অত্যন্ত ক্ষীণ।
মুক্ত প্রাণের শৃঙ্খল-লোভ আহাম্মকি
স্বর্ণসৃষ্ট হলেও ফাঁদ বাস্তবিকই।