উত্তরাধুনিক্কাব্বো ২
উত্তরাধুনিক্কাব্বো ২
উত্তরাধুনিক্কাব্বো ২
আজ থেকে এক আলোকবর্ষ পরে
তোমার আমার দেখা হলে কৃষ্ণগহ্বরে
কী বলবে, কেন তোমায় ডাক দিইনি আগে?
মিষ্টি ঘাসের বনে দুজন পাশাপাশি শুয়ে
চলবে আলাপ শ্রডিঙ্গারের বেড়াল নিয়ে-
আলাপ হবে তো?
তোমার প্রেমের গোল্ডিলকে আটকে থাকা আমি,
হৃদয় আমার উষ্ণ-তরল-হ্যাবিটেবল
একটু নাহয় বসত করেই দেখো!
বর্তমানের অন্ধকারে নিয়ন আলোয় ভিজে
আমারও তো বাঁচতে ইচ্ছে করে-
ইচ্ছে করে সূর্যটাকে হনুমানের মত
লাফ দিয়ে খাই আকাশ থেকে ছিঁড়ে।
তারপর এক সমাজতান্ত্রিক দেশে
ঘর বাঁধবো গৈরিক সোনা দিয়ে।
এই যে আমি যা'ই বলে যাই তাতেই এমন অবাক তুমি
যেন আমি শোনাই শুধু ভয়নিচ-পুঁথির গীতি।
আমার কেবল বাচালতা, অন্যদিকে তুমি-
মিতভাষী হওয়াই বুঝি গল্প করার শ্রেষ্ঠ নীতি?
আমার ভদ্রসভ্য হাজার গন্ডা গল্প শোনার পরে-
দুস্টু হেসে বলবে যখন, "তুমি মহা বদ লোক তো!"
শেলডনকে কোট করেই বলবো,
"That's ex post facto!"