Last Thursday ভর সন্ধ্যেয় ইডেন করে আলো
God কহিলেন, "তিলোত্তমা, তুমিই সবচে' ভালো।"
ইন্দ্র হঠাৎ বিকট রেগে বজ্র হাতে তেড়ে,
ভয়ে জড়সড় যিহোবার থেকে নটিনীরে নেন কেড়ে।
তিলোত্তমা বুদ্ধিজীবী, ঠিকই বোঝে লাভটা কোথায়-
উঠে পড়ে ঐরাবতে দ্বিরুক্তি না করে কথায়।
গড বাবাজি যতই বলুক জ্ঞানবৃক্ষের ফল খাওয়াবে
সুরপতি খুশি হলেই সোনার হার তো শিওর দেবে।
ইন্দ্র জানে, জ্ঞানের চেয়ে দীপ্তি বেশি অলঙ্কারে,
ইউটিলিটি নাইবা থাকুক, আপাত সুখ ওতেই বাড়ে।
সভায় ফিরে তিলোত্তমা করলো সে কি সুরম্য নাচ!
'আহা! আহা!', সবাই বলে, 'পেলাম বুঝি সুধার ছোঁয়াচ'।
তৃপ্ত হয়ে সুরপতি লকার খানা খুলে,
কিসব ভেবে কয়েকগোছা কাগজ দিলেন তুলে।
তারপর খুব আস্তে করে বললেন কানে কানে-
আমার উইল, সামলে রেখো, কেউ যেন না জানে।
মোহর যদি দরকার হয় শেয়ার গুলো বেচে-
যা লাভ হবে তাতেই তুমি থাকবে বর্তে বেঁচে।
কোভিড চলছে, কখন আবার পটল তুলি পাছে-
বলছি তোমায় ভয় পেয়ো না, Greater fool-ও আছে।