কোপাইয়ের তীর
কোপাইয়ের তীর
কোপাইয়ের তীর, স্নিগ্ধ সমীর
থার্ড হুইলও খুব একটা নয় কাছে।
দ্বিতীয় বৃন্দাবনে, হরসতী একাসনে
গোধূলির বেলা, সময় অল্প আছে।
ইতিউতি চেয়ে, নিশ্চিত হয়ে
মৃদুস্বরে বলিলেন পার্বতী-
"আমি যে পরম ইস্কনাইট,
তুমি তো শাক্ত, তায় অশক্ত;
এই নিয়ে হবে বাড়িতে প্রবল ফাইট।"
শুনে এই কথা, বলিলেন অসিতাঙ্গ
"শোনো বলি চুপি চুপি,
আমিও যোগ দিয়েছি ইস্কনে।
প্রকাশ্যে তা স্বীকার করি না,
করলে ঠ্যাঙাবে সৎসঙ্গের সবে,
একটাকা করে দিতে দিতে প্রাণ যায়,
ওদের থেকে মুক্তি পেতেই হবে।
যেথা যাবে তুমি, আমিও সেথায়
পিছনেই যাবো জেনো নির্দ্বিধায়;
ঋত্বিকের খাতা থেকে নামটা শুধু কাটি!"
দিবালোক ক্রমে কমে আসে,
থার্ড হুইল দূর হতে দেখে
হরগৌরীর জুটি, গুটিগুটি
বদ্ধ হয় আলিঙ্গনপাশে।
শুনিয়া হরের বাণী,
তৃপ্তচিত্ত কাত্যায়নী;
আগত বিরহ-জ্বালা স্মরি
উভয়ের চক্ষে এল অশ্রুজল ভরি।