বায়সতন্ত্র (NONS)
বায়সতন্ত্র (NONS)
পৃথিবীর ছিন্ন পাঁজরে
ধ্বংসের বীজ বুনে যায়
কোনো এক নগ্ন ঈশ্বর,
তার চোখে ঘূর্ণির মতন জ্বলে
ধোঁয়াটে আদর্শের আগুন।
রাত্রির ছেঁড়া চাদরে
আলোর ছায়াপথে হেঁটে যায়
একটি নিঃস্ব কাক—
তার ঠোঁটে রুদ্ধ ইতিহাস,
ডানা মেলে ধরে
সভ্যতার বিবস্ত্র স্বপ্ন।
পাশাপাশি ঝুলে থাকে
আত্মহত্যার ঘোষণাপত্র,
আর গাছে গাছে পচে যায়
সুরম্য সংগীতের নীড়।
জীবনের কোলাহলে
হাসে নিঃশব্দ ব্যাঙ,
রাংতায় মোড়া মানবতা
নির্বিকার দাঁড়িয়ে থাকে—
নষ্টালজিয়ার মৌন ভাষ্যে
ধীরে ধীরে মিশে যায়
দূরদৃষ্টি-প্রসূত কুয়াশায়।
তবুও, উঁকি দেয়
একটি শিশুর মুখ,
তার চোখে জ্বলজ্বলে
ভবিষ্যতের ডাস্টবিন।
পরভৃৎপুরানের পঞ্চদশ স্কন্দে
যেখানে লেখা ছিল—
"ভবিষ্যৎ উজ্জ্বল",
আজ সেখানে দাঁড়িয়ে কাঁদে
একটি বর্ণান্ধ কবিতা।