শিবম
শিবম
শিবমেন্দ্র গ্রেট খালি আকাশ কুমার বোম,
সাত সকালে কল্কে পুরে গাঁজায় মারেন দম
ষোলো ছটাক পুড়িয়ে বলেন ঝাঁঝটা ভীষণ কম।
চোখ দুটো লাল, জিভে জড়ায় "ব্যোম ভোলে ব্যোম ব্যোম।"
বললে তারে নেশার কথা, ক্ষতির হিসেব প্রভৃতি
এন্টিডোটের কথা শোনান, "দিই তো ইষ্টভৃতি!
গুরু আমার পরম দয়াল, বুঝলে কি না, ভাই,
থাকতে তিনি ত্রিজগতে অন্যের ভয় নাই।"
অসঙ্কোচে খিল্লি করেন, শেয়ার করেন মিমও
ইসের দলে ভোট দিয়ে খান ইয়ের দলের ডিমও।
সবদিকেই ভাবনাহীন আমাদের এই বোমকুমারের
ভয়টয় নেই গার্লফ্রেন্ডের বাপের বাড়ির মারের।
তবুও খোকন করলে তাড়া পাশের বাড়ির কুকুরে
লাফিয়ে নামেন কুমির ভর্তি কর্দমাক্ত পুকুরে।