সৌম্য
সৌম্য
বোশেখি পবনে উড়ুউড়ু করে মন,
সৌম্যর মনে হিল্লোল তোলে কামিনী।
অতৃপ্ত বাসনায় দিয়ে ঘৃতাহুতি অনুক্ষণ
সুনিবিড় খেদে কাটে অতন্দ্র যামিনী।
কাটে মুহূর্ত অগণন, তবু যে অনন্ত
আগলে রেখেছে সৌম্যর হৃদিক্লেশ-
ভাষাতীত তার আলিঙ্গনের আগল,
কালাতীত সে, নেই তার কোনো শেষ।
দেশে দেশে আছে যত বিনোদন,
যত প্রমোদের প্রস্থ-
ভ্রমিয়া সকল শরীর বিকল,
তবুও সে শোকগ্রস্থ।
সৌম্যর মনে আশু দ্বেষ নহে
জ্বলন্ত প্রেম-চিতাহুতাশন বহে।
ঈষৎ মায়া, অনধিক মোহ, আর
অপ্রাপ্তির বিলাপ দুর্নিবার;
এই নিয়ে আছে মায়ার বৃত্তে বন্দী
সৌম্য এবং মুক্তি খোঁজার ফন্দি।